
কলকাতা বস্তির শহর হয়ে গিয়েছে। অনুপ্রবেশকারীদের ওই বস্তিগুলোয় জায়গা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিস্ফোরক অভিযোগ করেছেন অমিত শাহ। দমদম উত্তরে বিজেপি প্রার্থীর সমর্থনে নিউ ব্যারাকপুরের সভা থেকে অমিত শাহ বলেছেন এই ভোট বিজেপি প্রার্থীদের জন্য নয়, পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের হাত তেকে মুক্ত করার ভোট। তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, কমিউনিস্টদের আমলে কলকাতাকে বস্তির শহর বানিয়েছে। দেশের অন্য অনেক শহরে যেখানে বস্তিমুক্ত হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে সেই উদ্যোগ দেখা যায়নি। তাঁর দাবি তৃণমূল সরকার বস্তিতে অনুপ্রবেশকারীদের জায়গা দিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের একবার বলেছেন তৃণমূল ও কংগ্রেসের আমলে সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেওয়া হত, বিরিয়ানি খাওয়ানো হত।
দীর্ঘ ৭৫ বছর ধরে ৩৭০ অনুচ্ছেদ বহাল রাখা হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই অনুচ্ছেদ বিলোপ করা হয়েছে। এই পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় আঘাত করেছে।









