
আবারও দেহ উদ্ধার আইআইটি খড়গপুরে। শনিবার দুপুরে বিআর আম্বেদকর হল থেকে পড়য়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। চলতি বছরে এই নিয়ে ৬ জন ছাত্রের দেহ উদ্ধার হয়েছে খড়গপুর আইআইটিতে।
জানা গিয়েছে মৃত হর্ষকুমার পাণ্ডে ঝাড়খণ্ডের বাসিন্দা। এলাহাবাদের মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এম টেক করার পর খড়গপুর আইআইটিতে ভর্তি হয়েছিলেন। সকাল থেকেই রুম বন্ধ ছিল। দুপুর হয়ে গেলেও হর্ষ রুম থেকে বাইরে না বেরনোয় সন্দেহ হয় সহপাঠীদের। এরপরেই ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। ঠিক কি কারণে মৃত্যু তদন্ত করে দেখছে হিজলি ফাঁড়ির পুলিশ। এর আগে জানুয়ারি মাসে শেয়ান মালিক নামে ছাত্রের মৃত্যু হয়েছিল। তারপর এপ্রিলে মৃত্যু হয় অনিকেত ওয়ালকরের। মহম্মদ আসিফ কামারের মৃত্যু হয় মার্চে।
১৮ জুলাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র কলকাতার রিজেন্ট পার্কের বাসিন্দা ঋতম মণ্ডলের দেহ উদ্ধার হয়েছিল। ২১ জুলাই গলায় ওষুধ আটকে মৃত্যু হয় মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বাসিন্দা ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল চন্দ্রদীপ পাওয়ার।









