
বাংলাদেশে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। এফআইআর-এ বলা হয়েছে দুই সাংবাদিক একসঙ্গে মোটরসাইকেলে ডিআরইউয়ে যাওয়ার প্রাক্কালে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের পথ আটকে দাঁড়ায়।
সেখানেই ওই দই সাংবাদিককে মারধর করা হয়। পরে পুলিশ এসে তাঁদের তুলে নিয়ে গিয়ে মারধর করেছেন। সেই ঘটনার ভিডিও করতে গেলে অন্যান্য সাংবাদিক ও চিত্রগ্রাহকদের পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। আহত সাংবাদিকরা ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি রয়েছেন।








