
প্রায় ২০ দিন নিখোঁজ থাকার পর সপ্তম শ্রেণির ছাত্রীর টুকরো টুকরো পচা গলা দেহ উদ্ধার হয়েছে জলাজমি থেকে। এই ঘটনায় ওই স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে ওই ছাত্রীকে অপহরণ করে খুন করার আভিযোগ তুলেছে মৃত ছাত্রীর পরিবার। ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৮ অগাস্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল সপ্তম শ্রেণির ওই ছাত্রী। পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন জানতে পারেন, স্কুলেরই ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাকে অপহরণ করেছেন। বিষয়টি পুলিশে জানালে রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। এরপরই মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার কালিডাঙা গ্রামের কাছে জলাজমি থেকে তার পচাগলা মৃত দেহ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ।
পুলিশ সুপার ফোনে জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ঘটনায় ধর্ষণের মামলা হয়নি। শুধু নিখোঁজ ডায়েরি করা হয়েছে। দেহ উদ্ধারের পর খুনের মামলা রুজু করা হয়েছে।









