
এবার দুষ্কৃতি তাণ্ডব বানিজ্যনগরী মুম্বইয়ে। এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ের পানভেলের কাছে সিওন-পানভেল হাইওয়েতে। পুলিশ সূত্রে খবর, বেলাপুরের পারসিক হিলের বাসিন্দা বছর ৫০-র সদরুদ্দিন খান চেম্বুরের ডায়মন্ড গার্ডেন সিগন্যালের কাছে দাঁড়িয়ে ছিলেন।
সেই সময় এক বাইকে দুই যুবক এসে আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোট দুই রাউন্ড গুলি চলে তাঁকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এদিকে হামলাকারীরা ঘটনার পর পালিয়ে যায়।
অন্যদিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।আপাতত তাঁর অবস্থা আশঙ্কাজনক। তবে হামলাকারীরা পূর্ব পরিচিত ছিলেন নাকি কোনও সুপারি কিলার সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।








