
সন্দেশখালিতে শাহজাহান শেখের ভাই শেখ সিরাজউদ্দীনকে তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে বুধবার সন্দেশখালির সরবেড়িয়া এলাকায় শাহজাহানদের বাড়ির সামনে যান সিবিআইয়ের একটি দল। সিরাজের বাড়িতে গিয়ে ডাকাডাকি করা হয়।
কিন্তু কোনও সাড়া মেলেনি। তালাবন্ধ বাড়ির বাইরে তাই নোটিস সেঁটে দিয়ে এসেছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, চলতি সপ্তাহেই তলব করা হয়েছে সিরাজকে।শাহজাহানের ভাই সিরাজউদ্দীন পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক। এলাকায় তাঁর ক্লিনিকও ছিল। সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তিনি,ফেরার। এর আগে সিরাজউদ্দীনকে তলব করেছিল ইডি। তিনি সেই ডাকে সাড়া দেননি। তার পর ইডির তরফে লুকআউট নোটিস জারি করা হয় তাঁর নামে। এ বার সিরাজউদ্দীনকে ডেকে পাঠাল সিবিআইও।কিছু দিন আগে সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়েছিল সিবিআই। শাহজাহানের ঘনিষ্ঠের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এর পর সেখানে সিবিআই ডেকে পাঠায় এনএসজিকে। ক্যালিবার যন্ত্র নিয়ে তারা দিনভর সন্দেশখালিতে বোমার খোঁজে তল্লাশি চালায়। কয়েকটি বোমা নিষ্ক্রিয়ও করা হয়। সে দিনের উদ্ধার করা অস্ত্র সম্পর্কে সিবিআইকে রিপোর্ট দিয়েছে এনএসজি।









