
আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের কারণে চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতার পারদ ছুঁয়েছে ৪৩-ডিগ্রির ঘর।
হাঁসফাঁস করা গরমের দোসর আদ্রতা। পশ্চিমা লু-র কারণেই মার্চ-এপ্রিল মাসে একটাও কালবৈশাখীর দেখে মেলেনি কলকাতা ও দক্ষিণবঙ্গে। সকালের দিকে শুষ্ক আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চরমে উঠেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। দহন জ্বালায় স্বস্তি নেই কোথাও। রবিবার থেকে অবশ্য রাজ্যের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি যে স্বস্তির বার্তা বহন করবে না তা-ও জানিয়েছে আলিপুর।আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ— দক্ষিণের এই আট জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে বুধবার এবং বৃহস্পতিবার লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ— উত্তরের এই দুই জেলায় তাপপ্রবাহ চলতে পারে। গরমের মাঝেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও।









