
প্রসবকালীন অবস্থায় শিশু মৃত্যুর অভিযোগে ধন্ধুমারকাণ্ড বাঁকুড়ার খাতড়া মহকুমা হাসপাতালে। অভিযোগ, প্রসূতি বিভাগে ভর্তি করার পরও কর্মরত নার্স প্রসব যন্ত্রণা থাকা সত্ত্বেও মহিলাকে অপারেশন থিয়েটার থেকে বের করে দেন।
বাধ্য হয়ে প্রসূতি বিভাগের বারান্দায় যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই মহিলা। অভিযোগ উঠেছে, সেখানেই শিশুটি জন্ম নিতে শুরু করে। পরিবারের লোকজন ডাক্তার ও নার্সদের বারবার ডাকার পরও কেউ এগিয়ে আসেনি। পরে এক নার্স জোর করে মহিলার পা চেপে ধরে শিশুটিকে বার করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত মৃত অবস্থায় শিশুটি জন্ম নেয়। তারপরেই ডাক্তার এসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শুধু তাই নয়, পরিবারের দাবি, ওই মহিলাকে প্রসবকালীন সময় মারধরও করা হয়েছে এবং আত্মীয়দের সঙ্গেও নার্সরা দুর্ব্যবহার ও অশালীন ভাষা প্রয়োগ করেছেন।
ক্ষুব্ধ পরিবারের অভিযোগ, চিকিৎসার চরম অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় খাতড়া মহকুমা হাসপাতালের সুপার বলেছেন, ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে।









