
মাঘের শুরুতেই যেন ঝিমিয়ে পড়েছে শীত। গত কয়েক দিনে তাপমাত্রা শুধুই বেড়েছে দক্ষিণবঙ্গে।
মঙ্গলবার ভোরে কলকাতার পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে। সেই আবহেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা বাড়বে। সরস্বতী পুজোর দিন নতুন করে পারদ না চড়লেও জাঁকিয়ে শীত থাকবে না। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। তার পরের কয়েক দিনে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণে পারদ চড়লেও উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে।
রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।








