
৯ ফেব্রুয়ারি অভয়ার জন্মদিনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়েছেন অভয়া মঞ্চের সদস্যরা। যদিও সিকিউরিটি অফিসাররা তাঁদের আটাকে দেন।
সিকিউরিটি অফিসারের হাতেই অভয়ার জন্মদিনের কার্ড দিয়ে এসেছেন তাঁরা। সিকিউরিটি অফিসাররা জানিয়েছেন নিমন্ত্রণ পত্র মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে। এর আগে শুক্রবার বিকেলে সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন প্রতিবাদী চিকিৎসকরা। অভয়ামঞ্চের তরফে চিকিৎসক তমোনাশ চৌধুরি জানিয়েছেন রবিবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে মৌন মিছিল আর জি কর মেডিক্যাল কলেজে যাবে। তারপর আর জি করে নির্যাতিতার জন্মদিন পালন করা হবে। নির্যাতিতার কর্মক্ষেত্র আর জি কর মেডিক্যাল কলেজে জন্মদিন উপলক্ষ্যে যে স্মরণসভা অনুষ্ঠিত হবে সেখানেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্যাতিতার বাবা-মাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার এসএসকেএম হাসপাতাল থেকে মিছিল করে কালীঘাটে যান অভয়া মঞ্চের সদস্যরা।
রবিবার ফের মানুষকে রাস্তায় নামার আবেদন করেছেন নির্যাতিতার বাবা-মা। জন্মদিন উপলক্ষে আর জি করে রবিবার বিকেলে স্মরণসভার আয়োজন করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে বাংলার মেয়ের জন্মদিন। আমন্ত্রণপত্রে ৬ মাসে অধরা বিচারের উল্লেখ রয়েছে।








