
ইজরায়েলকে নিশানা করে ছোড়া ক্ষেপণাস্ত্রে বন্ধু দেশগুলির উদ্দেশে বার্তা লিখে দিচ্ছে ইরান। এবার ভারতের নামও তাতে যুক্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রের বার্তায় ভারতকে ধন্যবাদ দিয়েছে তেহরান। সেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইজরায়েলে।
তাদের কৃতজ্ঞতার তালিকায় ভারত ছাড়াও রয়েছে আরও তিন দেশের নাম।এর আগে ক্ষেপণাস্ত্র-বার্তায় স্পেনকে ধন্যবাদ জানিয়েছিল ইরান। ভারত ছাড়াও ইরানের কৃতজ্ঞতার তালিকায় রয়েছে স্পেন, পাকিস্তান এবং জার্মানি। জানা যাচ্ছে আপাতত এই চার দেশকে ধন্যবাদ দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মুম্বইয়ে নিযুক্ত ইরানের কনসুলেট জেনারেল মিসাইলে লেখা সেই সমস্ত বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এদিকে, শুক্রবার ইজরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তারা। এটি ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর ৮৩ তম হামলা। ছোড়া হচ্ছে মধ্যম ও দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন।
শুধু ইজ়রায়েল নয়, ইরানি হামলার নিশানায় রয়েছে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি। বাহরিনেও একটি হামলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হামলার ঠিক আগের মুহূর্তের কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ইরানের বায়ুসেনার কয়েক জন আধিকারিক ক্ষেপণাস্ত্রের গায়ে ধন্যবাদের বার্তা লিখে দিচ্ছেন। তারপর সেগুলি ছোড়া হচ্ছে লক্ষ্যবস্তুকে নিশানা করে। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ।









