
ছত্তীশগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা সোধি কান্নার। তাঁর মাথার দাম ছিল আট লক্ষ টাকা। মাওবাদীদের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি-র একটি ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার ছিলেন সোধি।
তেলেঙ্গানায় একাধিক মাওবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন তিনি। গত শুক্রবার গোপন সুত্রে খবর পেয়ে বিজাপুরের জাতীয় উদ্যানে অভিযান চালিয়েছিল যৌথ বাহিনী। বাহিনীর কাছে খবর ছিল, ওই জঙ্গলে মাওবাদীদের তেলেঙ্গানা রাজ্য কমিটি জাতীয় উদ্যান কমিটি এবং পিএলজিএ-র একটি ব্যাটেলিয়নের নেতারা লুকিয়ে রয়েছে।
ওই অভিযানে গুলির লড়াই শেষে সোধির দেহ উদ্ধার করে যৌথ বাহিনী। সেই সঙ্গে একটি রাইফেল, একে-৪৭ এর ম্যাগাজিন এবং প্রচুর বিস্ফোরক পাওয়া যায় জঙ্গল থেকে। সোমবার তার পরিচয় প্রকাশ করেছে পুলিশ।






