
হুগলির গ্রামীণ অঞ্চলে নাবালিকা কিশোরীদের নিখোঁজ হওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে, যা উদ্বেগজনক। এমনই মন্তব্য করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।
পাশাপাশি স্কুলপড়ুয়া কিশোরীদের বাল্যবিবাহের ঘটনা বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অর্চনা মজুমদার বলেছেন, গত দুই মাসে হুগলি জেলায় ৮০০-র বেশি নাবালিকা নিখোঁজ হয়েছে, যা অত্যন্ত গুরুতর বিষয়। এই ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি, আরামবাগ মহকুমায় স্কুলপড়ুয়া মেয়েদের বাল্যবিবাহের প্রবণতাও বেড়েছে। এই সমস্যা রোধে জেলা প্রশাসনের তরফ থেকে সচেতনতা মূলক শিবির আয়োজন এবং স্কুলে বিশেষ পাঠ্যক্রম চালু করার বিষয়ে বলা হয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক উদ্যোগ নিতে হুগলির প্রশাসনিক ভবনে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।









