
সব কিছু ঠিক থাকলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখবেন ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।
এমনই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। এক বিবৃতিতে একথা জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এব্যাপারে অগাস্টের প্রথম সপ্তাহেই শুরু হতে চলেছে প্রশিক্ষণ। বিবৃতিতে জানানো হয়েছে, এক্সিওম-৪ মিশনের জন্য আমেরিকার এক্সিওম স্পেস-এর সঙ্গে একটি স্পেস ফ্লাইট চুক্তি করেছে ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার। ওই মিশনের পাইলট হিসেবে বাছা হয়েছে শুক্লা-কে। ব্যাকআপ মিশন পাইলট হিসেবে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণান নায়ার। এছাড়াও মিশনে কমান্ডার হিসেবে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেগি হুইটসন এবং মিশন বিশেষজ্ঞ হিসেবে থাকবেন পোল্যান্ডের সাওজ উজানস্কি ও হাঙ্গেরির টিবর কাপু। জানা যাচ্ছে, গগনযান মিশনের জন্য গত বছর বিমানবাহিনী থেকে চারজন পরীক্ষামূলক পাইলট বাছাই করা হয়েছিল এবং বেঙ্গালুরুতে তাঁদের প্রাথমিক প্রশিক্ষণও হয়েছিল সে সময়।









