
জলপাইগুড়িতে বিএসএফের আবাসনে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় বিএসএফ জওয়ানের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ আবাসনে আটকে রেখে মেয়েটিকে মাদক মেশানো খাবার খাইয়ে একাধিকবার ধর্ষণ করেছে এক বিএসএফ জওয়ানের ছেলে। জানা গিয়েছে মঙ্গলবার স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল ক্লাস ইলেভেনের ছাত্রী। পরীক্ষার পর বান্ধবীর বাড়িতে থাকার কথা বলেছিল পরিবারকে। বুধবার রাতে মেয়েটি বাড়িতে ফোনে জানায় তাকে কয়েকজন বিএসএফ আবাসনে আটকে রেখেছে। এরপরে বিষয়টি জেলা পরিষদের সদস্যকে জানানো হয়। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। বুধবার রাতেই বিএসএফ আবাসনে পৌঁছয় পুলিশ। কিন্তু পুলিশ এবং বিএসএফ যৌথভাবে খোঁজ করেও নাবালিকার হদিশ পায়নি। এরপর বৃহস্পতিবার ৮৪ টি আবাসনে তল্লাশি চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে বিএসএফ জওয়ানের অভিযুক্ত নাবালককে। জানা গিয়েছে ছেলেটির বাবা ভিনরাজ্যে থাকে।
বহু চেষ্টার পরেও তাঁর বাবা এবং মায়ের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খণ্ডবহালে জানিয়েছেন মোবাইল টাওয়ারের সূত্র ধরে বিএসএফ ক্যাম্পোর একটি বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।









