
সুপ্রিম কোর্টের ডিএ নিয়ে নির্দেশের পরদিনই নবান্নে যাওয়ার চেষ্টা করতেই ভাস্কর ঘোষদের আটকালো পুলিশ। এরপরেই রবিবার মিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
সুপ্রিম কোর্টের রায়ের কপি নিয়ে নবান্নে যাচ্ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘেষ সহ আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য মুখ্যমন্ত্রী দাবি করেছেন সুপ্রিম কোর্টের রায়ের কপি পাননি, তাই তাঁকে কপি দিতে যাচ্ছিলেন। কিন্তু পেঁৗঁছনোর আগেই নবান্নের ট্রাফিক গার্ডের সামনে তাঁদেরকে আটকে দেওয়া হয়। পুলিশের বক্তব্য নবান্ন যাওয়ার ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের কোনও পারমিশন নেই। ট্রাফিক গার্ডের রিলিডিং সেন্টারে পুলিশ কর্মীদের কাছেই ডেপুটেশন জমা দিয়েছেন আন্দোলনকারীরা। ডেপুটেশন দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কার ঘোষ। তিনি বলেছেন পুলিশকর্মীদের কাছে তাঁরা ডেপুটেশন দিয়েছেন বটে, তবে তাতে তাদের লাভ হয়েছে। কারণ পুলিশ কর্মীরাই সরকারি প্রতিনিধি হিসেবে এই বার্তা নবান্নে পৌঁছে দেবেন।
এরপরেই রাজ্য সরকারের বিরুদ্ধে আরও কড়া বার্তা দিতে মিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। রবিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের কথা জানিয়েছেন ভাস্কর ঘোষ।








