
তেলেঙ্গানার সুড়ঙ্গে আটকে থাকা ৭ শ্রমিকদের খোঁজে এবার নামানো হয়েছে বিশেষ রোবটিক টিম। তার সঙ্গে ভিতরে ঢুকেছে উদ্ধারকারী দলের ১১০ জন সদস্য। হায়দরাবাদের একটি রোবটিক কোম্পানির টিম এই উদ্ধারকাজে হাত লাগিয়েছে। বেশ কয়েকটি রোবট নিয়েই তারা সুড়ঙ্গে প্রবেশ করেছে। এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে ভারতীয় সেনা, রেলের টিম পর্যন্ত নেমেছে এই উদ্ধারকাজে। তাঁদের যোগ্য সঙ্গত দিচ্ছে ব়্যাট মাইনার্সের দল। এবার রোবটরাও যুক্ত হল উদ্ধারকারী দলে।
উদ্ধারকাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সুড়ঙ্গ থেকে বেরনো কাদা মাটি, জল। তার জেরে বেশি ভিতরে এগোতেই পারছেন না উদ্ধারকারীরা। তাই রোবট ব্যবহার করে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে এক শ্রমিকের দেহ সুড়ঙ্গ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
তাঁর দেহটি আটকে ছিল টানেল বোরিং মেশিনের মধ্যে। তবে বাকি ৭ জনের দেহের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। এদিকে সুড়ঙ্গের মধ্যে অনুসন্ধানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও পাঠানো হয়েছে। মৃত শ্রমিকের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে তেলঙ্গানা সরকার।








