
ভারত-বাংলাদেশের সম্পর্কের অবনতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকেই দায়ী করেছেন শেখ হাসিনা।
বাংলাদেশের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার কারণও ব্যাখ্যা করেছেন আওয়ামী লিগ নেত্রী। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ, অন্তর্বর্তী সরকার আদতে ক্ষমতাহীন। তাই বাংলাদেশে হিংসাই এখন স্বাভাবিক ঘটনা। শেখ হাসিনা সংবাদসংস্থা-কে ইমেল মারফত একটি সাক্ষাৎকারে বলেছেন, সম্পর্কের অবনতি, যা লক্ষ করা যাচ্ছে, তা পুরোপুরি মহম্মদ ইউনূসের তৈরি। মহম্মদ ইউনূস-র নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং চরমপন্থীদের বিদেশনীতি নির্ধারণ করার সুযোগ দিচ্ছে। তবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের স্থায়িত্ব নিয়ে আশাপ্রকাশ করে শেখ হাসিনা বলেছেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বহু দশকের সঙ্গী।
একই সঙ্গে তাঁর সংযোজন, তিনি আশাবাদী যে, বৈধ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ ভারতের সঙ্গে বাস্তববাদী বোঝাপড়ার রাস্তায় ফিরবে।






