
ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত রয়েছেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এমনটাই দাবি করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিনহা।
২০২৪ সালে নিট নিয়ে দুর্নীতির অভিযোগে তোলপাড় গোটা দেশ। এই আবহে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিজয়কুমার সিনহা জানিয়েছেন, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের সহযোগী প্রীতম কুমার বিহার সড়ক নির্মাণ বিভাগ-এর এক কর্মীকে ফোন করেন। তাঁকে ফোন করে ইঞ্জিনিয়র সিকন্দরপ্রসাদ যাদবেন্দুর জন্য একটি ঘর বুক করতে বলেন। সিকন্দরপ্রসাদ যাদবেন্দু জানিয়েছেন, নিজের এক ভাইপোর জন্য পাটনার সরকারি বাংলোয় ঘর বুক করেছিলেন। সেই ভাইপোর নাম অনুরাগ যাদব। তিনি ছিলেন নিট পরীক্ষার্থী। অনুরাগ যাদব, তাঁর মা এবং কয়েকজন ছিলেন বাংলোয়। নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে এই অনুরাগ যাদব এখন জেলে।বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন, এই অভিযুক্ত অনুরাগ যাদবের জন্যই পটনার সরকারি বাংলোয় ঘর বুক করিয়েছিলেন তেজস্বী যাদবের সহযোগী। এই ঘটনায় একটি বিভাগীয় তদন্ত করিয়েছেন তিনি। তাতে দেখা গিয়েছে, তেজস্বী যাদবের সহযোগী প্রীতম আরসিডির এক কর্মী প্রদীপকে ফোন করেছিলেন। ফোন করে পাটনার এনএইচএআই-এর বাংলোয় ঘর বুক করিয়েছিলেন ১ মে। তার চার দিন পর দেশে নিট পরীক্ষা নেওয়া হয়। এই ঘর বুক করার ঘটনায় প্রদীপ-সহ বিহারের সড়ক নির্মাণ বিভাগের তিনজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।









