
বৈশাখ পড়তেই গ্রীষ্মের তাপ বাড়তে শুরু করেছে। চড়া রোদে হাঁসফাঁস দশা সর্বত্র।
কালবৈশাখীর সম্ভাবনাও প্রায় অতীত। এ বার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শনিবারও দক্ষিণের পাঁচটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। কলকাতা, হাওড়া, হুগলির মতো জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বত্র থাকবে শুকনো আবহাওয়া। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। রবিবার থেকে এই জেলাগুলিতেই গরমের অস্বস্তি জারি থাকবে। সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।









