
পেট্রল এবং ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কিছু ভাবছে না সরকার। তাই সম্প্রতি জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা সরাসরি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
একটি রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ভোটের পর পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২৫ থেকে ২৮ টাকা পর্যন্ত বাড়তে পারে। এই ধরনের খবরকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে কেন্দ্র। সরকারের স্পষ্ট বার্তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে মন্ত্রক জানিয়েছে, পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির খবর পুরোপুরি ভুয়ো খবর। সরকারের পক্ষ থেকে দাম বাড়ানোর কোনও প্রস্তাব নেই।মন্ত্রকের দাবি, এই ধরনের খবর ছড়িয়ে নাগরিকদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।
মন্ত্রকের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, গত চার বছরে বিশ্ব বাজারে জ্বালানির দামের অস্থিরতা সত্ত্বেও ভারতই একমাত্র দেশ, যেখানে পেট্রল ও ডিজেলের খুচরো দামে বড় কোনও বৃদ্ধি হয়নি।









