
আমেরিকায় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটকের সময়সীমা তৃতীয়বারের মতো বাড়িয়ে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলেছে,আমেরিকায় যে আইনের আওতায় টিকটক বিক্রি বা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল তা নিয়ে এখন পর্যন্ত কোনও অগ্রগতি হয়নি।
ফলে চীনের কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের আমেরিকাভিত্তিক সম্পদ বিক্রির জন্য বেঁধে দেওয়া ১৯ জুনের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট।এর আগে, মার্কিন কংগ্রেসের নির্দেশিত নিষেধাজ্ঞার কার্যকারিতা থেকে টিকটককে দু’বার সাময়িকভাবে ছাড় দিয়েছিলেন ট্রাম্প, যা জানুয়ারিতে কার্যকর হওয়ার কথা ছিল।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট এ সপ্তাহে আরও এক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, যাতে আমেরিকায় টিকটক চালু রাখা যায়।এর ফলে আমেরিকায় টিকটকের সময়সীমা এ বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বাড়বে।লেভিট আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান না টিকটক বন্ধ হয়ে যাক।









