
আর জি কর-কাণ্ডে নবান্ন অভিযান নিয়ে লাশের রাজনীতি করতে চাইছে বিরোধীরা। অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
সোমবার সকালে দুটি ভিডিও প্রকাশ করে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের তত্ত্ব সামনে এনে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছেন, আরএসএস ও সিপিএমের একাংশ এই আন্দোলনকে সামনে রেখে বড় চক্রান্ত করছে। তাঁর অভিযোগ, কর্মসূচিতে রাবার বুলেট, গুলি চালানো এমনকি, খুনেরও ষড়যন্ত্র করেছে বিজেপি। তবে ওই ভিডিয়ো দু’টির সত্যতা যাচাই করেনি এস নিউজ। এরপরই কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, বেআইনি, ভাবে নবান্ন অভিযান ডাকা হয়েছে। তাঁদের অভিযোগ, সোশাল মিডিয়ায় লোক খেপিয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। কুণাল ঘোষের কথায়, যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে, তারা উস্কানি দিয়ে হিংসা করাতে চাইছে। তাঁর আশংকা, বাইরের রাজ্য থেকেও বাংলায় নাশকতার জন্য লোক ঢোকানো হতে পারে। এরপরেই কুণাল ঘোষ বলেছেন, জাস্টিস ফর আর জি কর প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের দাবির সঙ্গেই রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের যে দাবি তোলা হয়েছে তার উত্তর দেবে জনতা।









