
শেষমেশ পথদুর্ঘটনায় ১১৪ বছরে জীবনের দৌড় থেমেছে পাঞ্জাবের কিংবদন্তি ম্যারাথন দৌড়বীর ফৌজা সিং-র। সোমবার জালন্ধরের কাছে বিয়াস পিন্ড গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় শোকস্তব্ধ বিশ্বের ক্রীড়ানুরাগী মহল। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, নিজের গ্রাম বিয়াস পিন্ডেই ছিলেন ফৌজা। সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি বৃদ্ধ দৌড়বীরকে ধাক্কা মারে।
সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। ফৌজার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পাঞ্জাবে। পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ এবং সহনশীলতার প্রতীক সর্দার ফৌজা সিং-র মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। তাঁর উত্তরাধিকার মাদকমুক্ত পাঞ্জাব গড়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে।
১৯১১ সালের ১ এপ্রিল পাঞ্জাবের জলন্ধরে জন্মগ্রহণ করেন ফৌজা। ২০০০ সালে ফৌজা লন্ডনে তাঁর প্রথম ম্যারাথন ৬ ঘণ্টা ৫৪ মিনিটে শেষ করেন। এর পর একে একে নিউ ইয়র্ক, মুম্বই, হংকং, গ্লাসগোর মতো বিভিন্ন আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেন। ২০১১ সালে ১০০ বছর বয়সে টরন্টো ওয়াটারফ্রন্ট ম্যারাথন শেষ করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তিনি।









