
টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল বিধানসভা চত্বর। ১৪৪ ধারা উপেক্ষা করে বিধানসভা গেটের সামনে পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।
পুলিশের পা ধরে কান্নায় ভেঙে পড়েন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি ২০২২-এ টেট উত্তীর্ণ হওয়ার পর ৩ বছর কাটতে চললেও কোনও নিয়োগ হয়নি। এখনই ৫০ হাজার শূন্যপদে নিয়োগ করতে হবে। ইন্টারভিউয়ের তারিখ জানাতে হবে। নেপালের থেকে শিক্ষা নেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা। বৃহস্পতিবার ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বেরিয়েই বিধানসভার দিকে ছুটতে শুরু করেন ২০২২-র টেট উত্তীর্ণরা। পিছনে ছুটতে থাকে পুলিশ। একের পর এক ব্যারিকেড টপকে ১৪৪ ধারা উপেক্ষা করে বিধানসভার ২ নম্বর গেটের সামনে বসে পড়েন টেট উত্তীর্ণরা। এরপর বিক্ষোভ ছড়ায় ৩ নম্বর গেটে। তাঁরা বলতে থাকেন ৩ বছর পর আর কোনও আশ্বাস তাঁরা মানবেন না। অবিলম্বে নিয়োগ দিতে হবে। বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যান, বাসে তোলার চেষ্টা করে পুলিশ।
বিক্ষোভকারীদের হঠাতে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয়। পুলিশের পা ধরে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।









