
সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলায় ইডি এবং রাজ্য সরকারের আইনি লড়াই বৃহস্পতিবার নতুন মাত্রা নিয়েছে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এজলাসে ইডি এবং রাজ্যের আইনজীবীরা একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দেগেছেন।
একদিকে যেমন রাজ্যের আইনজীবী আদালতের অপব্যবহার নিয়ে সরব হয়েছেন, অন্যদিকে কেন্দ্রের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।বুধবারের পর বৃহস্পতিবারও আইপ্যাক মামলার শুনানি শুরু হয়। রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী মেনকা গুরুস্বামী কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেছেন, আদালতের অপব্যবহার করা হচ্ছে। মেনকা গুরুস্বামীর দাবি, মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও কেন্দ্রীয় সংস্থা যে যুক্তিগুলো দেখাচ্ছে, তাতে স্পষ্ট যে আদালতকে রাজনৈতিক প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে। আদালত যাতে এই রাজনৈতিক তরজার মঞ্চ না হয়ে ওঠে, সেই আবেদনই জানান তিনি।পাশাপাশি কেন্দ্রের আইনজীবীর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।পালটা সওয়ালে ইডির আইনজীবী তুষার মেহতা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভয়াবহ অভিযোগ আনেন। ২৭০০ কোটি টাকার বেআইনি কয়লা পাচার মামলার তদন্তের প্রসঙ্গ টেনে তুষার মেহতা বলেন, এই মামলার তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা তাঁদের মৌলিক অধিকারের সুরক্ষাই পাচ্ছেন না। শুনানিতে নাম না করেও প্রাক্তন পুলিশ কমিশনারকে একহাত নেন তিনি।
আইনজীবী তুষার মেহতার কথায়, রাজ্যের প্রাক্তন পুলিশ কমিশনারকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। একজন নাগরিক হিসেবে এই ঘটনা খুবই উদ্বেগজনক ও লজ্জাজনক।









