
অনলাইন গেমিংয়ে বড় পরিবর্তন, দেশে ই-স্পোর্টস ও সোশ্যাল গেমিং চালু রাখতে নতুন নিয়ম প্রণয়ন করছে কেন্দ্রীয় সরকার।অনলাইন টাকার গেম সম্পূর্ণভাবে নিষিদ্ধই থাকছে, তবে বেশিরভাগ সাধারণ অনলাইন গেমকেই কোনও বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের মধ্যে পড়তে হবে না, এমনটাই জানিয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি মন্ত্রক।
ফলে গেমিং দুনিয়ায় একদিকে যেখানে কঠোরতা বাড়ছে, অন্যদিকে সাধারণ গেমার ও ডেভেলপারদের জন্য কিছুটা পথও খুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রক কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ও নীতির খসড়া নোটিফাই করেছে। এর মাধ্যমে একটি জাতীয় অনলাইন গেমিং অথরিটির পথও প্রশস্ত হল। আইটি সচিব এস. কৃষ্ণন বলেছেন,বেশিরভাগ অনলাইন গেম, যেখানে টাকা জড়িত নয়, সেগুলিকে রেজিস্ট্রেশন বা নির্দিষ্ট কোনও নির্ধারণ প্রক্রিয়ার বাধ্যবাধকতায় পড়তে হবে না। আমরা চেয়েছি নিয়মগুলো যতটা সম্ভব রেগুলেশন-লাইট রাখা যায়।তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও গেম নির্মাতা বা প্ল্যাটফর্মকে বাধ্যতামূলক ভাবে আবেদন করতে হবে না যে তাদের গেমটি মনি গেম, সোশ্যাল গেম নাকি ই-স্পোর্টস বিভাগের মধ্যে পড়ে। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সরকার বা গেমিং অথরিটি স্বতঃপ্রণোদিত হয়ে সেই গেম নিয়ে তদন্ত বা শ্রেণিবিভাগ নির্ধারণ করবে।
নিয়মে ইউজারদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু নতুন নির্দেশ যোগ করা হয়েছে। কীভাবে ডেটা সুরক্ষা হবে, বয়সসীমা মানা হবে, অপব্যবহার বা ক্ষতিকর কন্টেন্ট রোধ হবে, এসব বিষয় স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।









