
বলিউডের খ্যাতনামী পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ে সারলেন সমান্থা রুথ প্রভু। সোমবার ১ ডিসেম্বর সকালেই কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েছেন সমান্থা-রাজ।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।বিয়ের আসরে সমান্থার পরনে টুকটুকে লাল রঙের বেনারসি শাড়ি।বেনারসির পাড় আর আঁচলে জারদৌসির সূক্ষ্ম কারুকাজ। শাড়ির গা জুড়ে ফুলেল জরির নকশা।সমান্থার বোটনেক ব্লাউজ়ের পিঠের দিকেও দেখা যাচ্ছে ঠাসা জারদৌসির নকশা।কুন্দন কংবা হিরে নয়, বিয়েতে সোনার সাজেই সেজেছেন অভিনেত্রী।গলায় ভারী নেকলেস,কানে ভারী ঝোলা দুল, দু’হাত জুড়ে সোনার বালা, চূড়, গলায় মঙ্গলসূত্র, ডান হাতের দু’আঙুলে সোনার আংটি। সমান্থার সাজে নজর কেড়েছে তাঁর বিয়ের চারকোণা হিরের আংটিটি। হাত জুড়ে মেহন্দি নয়, সমান্থার মেহন্দির নকশায় ছিল একেবারেই অল্প কাজ। পায়েও মেহন্দি পরেছেন তিনি। খোলা চুল নয়, খোঁপা বেঁধেছেন অভিনেত্রী। খোঁপায় ছিল ফুলের মালা। অন্য দিকে, রাজের পরনে ছিল সাদা কুর্তা-পাজামা আর সোনালি রঙের জওহর কোট। একেবারে সাদামাটা সাজেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।জমকালো নয়, বাহুল্যহীন ভাবে মাত্র ৩০ জনের উপস্থিতিতে বিয়ে সেরেছেন সমান্থা-রাজ। দু’জনের সাজ অনাড়ম্বর হলেও নজর কেড়েছে ফ্যান ফলোয়ারদের।এতদিন তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও, তারা নিশ্চিত করে কিছু বলেনি। দ্য ফ্যামিলি ম্যান সিজন ২ এবং সিটাডেল হানি সিরিজের সেট থেকেই যে প্রেমের সূত্রপাত, তা আজ আর অজানা নয়।
আমেরিকা ভ্রমণ থেকে তিরুপতি দর্শন, সবই ছিল এই শুভ পরিণয়ের ইঙ্গিত।উল্লেখ্য ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ৪ বছরের সংসারের ইতি টেনেছিলেন সামান্থা।সেই নাগা ২০২৪-এর ডিসেম্বরেই শোভিতা ধুলিপালাকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন। অন্যদিকে রাজ নিদিমোরুও ২০২২ সালে স্ত্রী শ্যামলি দে-র সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন।ডিভোর্সের চার বছর পর দক্ষিণী সুন্দরীর এই নতুন ইনিংসকে শুভেচ্ছা জানাচ্ছেন ফ্যান ফলোয়াররা।









