
মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানে সম্ভাব্য গৃহযুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন,ইইউ। ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস বলেছেন, আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে বর্তমান উত্তেজনার কারণে ইরানে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফলে ইরানের বর্তমান পরিস্থিতি এবং দেশটির নেতৃত্ব নিয়ে আঞ্চলিক দেশগুলো উদ্বিগ্ন। ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক সমাধানের পক্ষে বলে জানিয়েছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য মতে, যুদ্ধ শেষ পর্যন্ত কূটনীতির মাধ্যমেই শেষ হয়। তাই উত্তেজনার এই চক্র থেকে বের হতে কূটনীতির জন্য জায়গা থাকতে হবে।এদিকে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
বিশেষ করে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে তারা। মধ্যপ্রাচ্যে বর্তমান এই সংঘাতের জেরে তীব্র বিরোধ তৈরি হয়েছে আমেরিকা ও স্পেনের মধ্যেও। ওয়াশিংটন অভিযোগ করেছে, মার্কিন বিমানকে স্পেনের যৌথ নৌ ও বিমানঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানিয়েছে স্পেন। তবে স্পেন,ইরানে আমেরিকা ও ইসরায়েলের বোমা হামলাকে বেপরোয়া ও অবৈধ বলে সমালোচনা করেছে স্পেন এবং আমেরিকার সঙ্গে সহযোগিতার দাবিও অস্বীকার করেছে।









