
লাগাতার বৃষ্টির জেরে মুম্বইয়ে বিপর্যস্ত বিমান পরিষেবা। রবিবারও বাতিল হয়েছে একাধিক বিমান। এরপরেই যাত্রীদের পুরো ভাড়া ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এয়ার ইন্ডিয়া।
২১ জুলাই ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে মুম্বই বিমানবন্দর। বিমান ওঠা এবং নামা কার্যত অসম্ভব হয়ে যায়। ফলে বাধ্য হয়ে বাতিল করতে হয়েছে একাধিক বিমান। এই ঘটনার পর বিমানসংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যাত্রীদের যাতায়াতের পুরো ভাড়াই ফেরত দেবে এয়ার ইন্ডিয়া। কেউ যদি রিফান্ডের বদলে নতুন করে বিমানের টিকিট কাটতে চান, থাকছে সেই সুযোগও। গত কয়েক সপ্তাহ ধরেই বৃষ্টিতে বিধ্বস্ত বাণিজ্যনগরী। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাজার থেকে রেললাইন, সাবওয়ে থেকে সড়কপথ, উপকূল থেকে বিমানবন্দর জল থইথই সর্বত্র। অন্ধেরী সাবওয়ে বারবার জলমগ্ন হয়ে পড়ায় প্রবল যানজটের সৃষ্টি হচ্ছে। একই রকম জল থইথই অবস্থা মুম্বই বিমানবন্দরেরও। জলে ডুবে রয়েছে একাধিক রেললাইন। সেন্ট্রাল, ওয়েস্টার্ন এবং হারবার লাইনে দেরিতে চলছে একাধিক ট্রেন। এছাড়া, সময়সূচি বদলাতে হয়েছে দূরপাল্লার বেশ কিছু ট্রেনের।









