
কালোজিরার মতো বহুল ব্যবহৃত ও উপকারী উপাদান খুব কমই আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে নানা রোগ প্রতিরোধ ও চিকিৎসায় এর ব্যবহার চলে আসছে। তবে সাম্প্রতিক সময়ে একটি প্রশ্ন বারবার উঠছে, কালোজিরা কি সত্যিই ওজন কমানোর ম্যাজিক সমাধান?
এই দাবির বৈজ্ঞানিক সত্যতা নিয়ে সম্প্রতি নানা কথা হচ্ছে।অনেক ক্ষেত্রেই কালোজিরাকে দ্রুত ওজন কমানোর সহজ উপায় হিসেবে তুলে ধরা হয়। প্রথমেই বলে রাখা ভালো,ক্যালরি ঘাটতি তৈরি করা বা নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প কালোজিরা নয়। অর্থাৎ, এটি ওজন কমানোর কোনো অলৌকিক উপাদান নয়।তবে কালোজিরার বেশ কিছু বৈজ্ঞানিকভাবে স্বীকৃত স্বাস্থ্যগুণ রয়েছে।যেমন,রক্তচাপ কমাতে সহায়তা করে,কোলেস্টেরল নিয়ন্ত্রণে কার্যকর,ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে,প্রদাহ কমাতে ও জয়েন্টের ব্যথা উপশমে উপকারী।রিউমাটয়েড আর্থরাইটিস রোগীদের ওপর করা কিছু গবেষণায় দেখা গেছে, প্রদাহ কমাতে কালোজিরা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি হাঁপানি ও সিজিনাল অ্যালার্জির ক্ষেত্রেও এর উপকারিতা লক্ষ্য করা গেছে। অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের কোষকে ক্ষতির হাত থেকেও রক্ষা করে।সব মিলিয়ে যতই উপকারী হোক না কেন, অতিরিক্ত কালোজিরা গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। পরামর্শ, দৈনন্দিন খাদ্যতালিকায় কালোজিরা রাখা যেতে পারে, তবে পরিমিত মাত্রায়। প্রতিদিন আধ চা-চামচ থেকে এক চা-চামচ কালোজিরাই যথেষ্ট।এখন প্রশ্ন হলো তাহলে ওজন কমাতে কালিজিরার ভূমিকা কী?বিশেষজ্ঞদের মতে, কালোজিরা ওজন কমানোর কোনো জাদুকাঠি না হলেও বিপাকক্রিয়া উন্নত করতে ও সামগ্রিক স্বাস্থ্যের পক্ষে সহায়ক হতে পারে। তবে একে শর্টকাট সমাধান ভাবা অবাস্তব।এই অবস্থায় স্থায়ী ও স্বাস্থ্যকর ওজন নিয়ন্ত্রণের জন্য সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ,এই মৌলিক বিষয়গুলোর কোনো বিকল্প নেই।
কালোজিরা হতে পারে সেই পথের সহায়ক, কিন্তু একমাত্র সমাধান নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিমিতি। অতিরিক্ত গ্রহণ যে কোনো উপকারী উপাদানকেই ক্ষতিকর করে তুলতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ মেনে, সীমিত মাত্রায় এবং সুষম খাদ্যের অংশ হিসেবেই কালিজিরা গ্রহণ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।









