
নভেম্বর ২০২৫-এ অভিনেত্রী সেলিনা জেটলি তাঁর স্বামী পিটার হাগের বিরুদ্ধে পারিবারিক নির্যাতন, নিষ্ঠুরতা ও মানসিকভাবে প্রভাবিত করার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ক্ষতিপূরণ হিসেবে তিনি ৫০ কোটি টাকা এবং অন্যান্য অর্থ দাবি করেছেন।
এই মামলা মুম্বাই শহরের আন্ধেরি আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসের কাছে দায়ের করা হয়েছে। সম্প্রতি অভিনেত্রী একটি আবেগঘন নোট লিখে জানিয়েছেন, কিভাবে তাঁকে তাঁর তিন সন্তানের সঙ্গে যোগাযোগের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।তিনি আরো বলেছেন, তাঁর সন্তানদের তাঁর বিরুদ্ধে কথা বলার জন্য মানসিকভাবে প্রভাবিত করা হচ্ছে। সম্প্রতি সেলিনা তাঁর তিন সন্তানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ১১ অক্টোবর ২০২৫, রাত ১টায়, প্রতিবেশীদের সহায়তায় অস্ট্রিয়া ছেড়ে বেরিয়ে আসেন,যে অভিজ্ঞতাকে ধারাবাহিক নিপীড়ন ও নির্যাতন হিসেবে দেখেছেন, তা থেকে বাঁচতে। তাঁর ব্যাংক অ্যাকাউন্টে খুব সামান্য টাকা নিয়ে তাঁকে ভারতে ফিরতে বাধ্য করা হয়, যাতে জীবনের বাকি পথ তাঁকে সেভাবেই চলতে হয়।
অভিনেত্রী সেলিনা জেটলি আরো যোগ করেছেন, ভারতে এসে, তাঁর নিজের বাড়িতে ঢোকা ও প্রবেশাধিকার পাওয়ার জন্যই তাঁকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে,যে সম্পত্তিটি তিনি ২০০৪ সালে, বিয়ের বহু আগে কিনেছিলেন, সেটিকেই এখন তাঁর স্বামী নিজের বলে দাবি করছেন। এসব করতে গিয়ে তাঁকে একটি বড় ঋণও নিতে হয়েছে।









