
দেশের জনসংখ্যা বৃদ্ধি করতে নতুন কৌশল নিচ্ছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং নেতৃত্বাধীন সরকার। যে সমস্ত পরিবারে সন্তানের জন্ম হবে, তাদের হাতে হাতে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। শীঘ্রই সন্তান জন্মে ভর্তুকি ঘোষণা করতে পারেন শি জিনপিং।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে রক্ষা করতেই এই পদক্ষেপ। দীর্ঘ দিন ধরেই জনসংখ্যা হ্রাসের সমস্যায় ভুগছে চিন। সূত্রের খবর, চিনে কর্মক্ষম মানুষের সংখ্যা অনেক কমে এসেছে। দম্পতিরা সন্তানপালনে আগ্রহ হারিয়েছেন। মনোযোগী হয়েছেন সঞ্চয়ে।
একটা সময়ে জনসংখ্যাই চিনের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সরকারকে হিমশিম খেতে হচ্ছিল। ২০১৬ সাল পর্যন্ত চিনে চালু ছিল এক-সন্তান নীতি। তবে ২০১৬ সালে সেই নিয়ম তুলে নেয় বেজিং। বরং দম্পতিদের আরও বেশি সংখ্যক সন্তানগ্রহণে উৎসাহ দেওয়া হতে থাকে। তবে তার পর থেকে জন্ম আরও কমেছে।






