
ঘানায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছিল হরে রাম হরে কৃষ্ণ স্লোগান দিয়ে। এবার ত্রিনিদাদ এবং টোব্যাগোকে রামমন্দিরের রেপ্লিকা এবং সরযূ নদীর জল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, অযোধ্যার রামমন্দির তৈরির সময়ে ভক্তিভরে জল পাঠানো হয়েছিল এই দেশ থেকে। তাই সেখানকার মানুষের জন্য় এই বিশেষ উপহার নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ঘানা থেকে ত্রিনিদাদ এবং টোব্যাগোয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সেখানকার প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন, তিনি জানেন এখানকার মানুষ ভগবান রামের প্রতি গভীর বিশ্বাস রাখেন। রামচরিতমানসে বলা হয়েছে, ভগবান রামের শহর এতই সুন্দর যে গোটা বিশ্ব তার প্রশংসা করে। তাই ৫০০ বছর পর রামলালা যখন নিজের গৃহে ফিরেছেন, সকলেই খুব খুশি হয়েছেন।
অযোধ্যার রামমন্দিরের জন্য আপনারাও পবিত্র জল এবং শিলা পাঠানো হয়েছিল। পরে ত্রিনিদাদ এবং টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসরের হাতে উপহার তুলে দেন নরেন্দ্র মোদী। সেখানে হাজির ত্রিনিদাদ এবং টোব্যাগোর ক্যাবিনেট মন্ত্রীরাও। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ত্রিনিদাদ এবং টোব্যাগোর সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ এবং টোব্যাগো তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর হাতে।






