
তিহাড় জেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মেডিক্যাল রিপোর্ট গোপন করে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং।
রবিবার সাংবাদিক বৈঠকে সঞ্জয় সিং বলেছেন, বিজেপি এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা উভয়ই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন। এর আগে সুগার লেভেল বেড়ে যাওয়ায় যখন তাঁর ইনসুলিনের প্রয়োজন হয়, তখন তাঁরা যুক্তি দিয়ে বলেন অরবিন্দ কেজরিওয়াল আম, আলু খাচ্ছেন। তাই তাঁকে ইনসুলিন দেওয়া যাবে না। শেষে আদালতের নির্দেশে আপ প্রধানকে দেওয়া হয় ইনসুলিন। অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য রিপোর্ট সামনে এনে সঞ্জয় সিং বলেছেন, তিহাড় জেলের চিকিৎসকরা মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছেন। সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আপ সুপ্রিমের সুগার লেভেল কমে গেছে। তিনি হাইপারগ্লাইসেমিয়ার ভুগছেন।









