
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মান নিয়ে নোংরা রাজনীতি করেছে কংগ্রেস।নতুন সদর দফতরের নামকরণ নিয়ে কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। বুধবার ৯-এ কোটলা রোড-এ কংগ্রেসের নতুন ভবনের উদ্বোধন করেছেন সনিয়া গান্ধী।
নতুন ভবনের নাম দেওয়া হয়েছে ইন্দিরা ভবন।কিন্তু তার আগে বিতর্ক ছড়িয়েছে ভবনের বাইরে টাঙানো পোস্টার থেকে। যেখানে দাবি করা হয়েছে, এই ভবনের নাম দেওয়া উচিত ছিল সর্দার মনমোহন সিং ভবন।বিজেপির তরফেই ওই পোস্টার টাঙানো হয়েছে। বিজেপির দাবি, কংগ্রেস পিভি নরসিমা রাও ও প্রণব মুখোপাধ্যায়কে অপমান করেছে। অসম্মানিত মনমোহন সিংও। কারণ নতুন ভবনের নামকরণের ক্ষেত্রে সেই গান্ধী পরিবারকেই প্রাধান্য দেওয়া হয়েছে। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক্স হ্যান্ডলে লিখেছেন, কংগ্রেস মনমোহন সিংয়ের সম্মান নিয়ে নোংরা রাজনীতি করেছে। কিন্তু নিজেদের সদর দফতরের নামকরণের ক্ষেত্রে তাঁর নামটিকেই অগ্রাহ্য করল। নাম দিল ইন্দিরা গান্ধীর নামে।
এটা অবমাননা ও অসম্মান করার মতো লজ্জাজনক মানসিকতা। সব সময়ই পরিবার আগে নরসিমা রাও, বিআর আম্বেদকর, প্রণব মুখোপাধ্যায় এবং কংগ্রেসের সব বিখ্যাত নেতাদেরই অপমান করা হল।








