
এসআইআর-র রোল অবজার্ভার হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কোনও বৈধ নাগরিকের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, কোনও অবৈধ নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়, অফিসাররা যাতে কমিশনের নির্দেশ যথাযথভাবে পালন করেন, এই বিষয়গুলোর ওপর নজর রাখবেন সুব্রত গুপ্ত।
নির্বাচন কমিশনকে নিয়মিত রিপোর্ট দেবেন সুব্রত গুপ্ত। এসআইআর প্রক্রিয়ার জন্য ১২ জন অভিজ্ঞ আইএএস অফিসারকে ভোটার তালিকা পর্যবেক্ষক হিসেবেও নিয়োগ করা হয়েছে। এই পর্যবেক্ষকরা নির্বাচনী তালিকা তৈরি, সংশোধন এবং আপডেটের কাজ তদারকি করবেন বলে কমিশন সূত্রে খবর।
ইতিমধ্যেই সিইও দফতরে বৈঠকে যোগ দিয়েছেন স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত সহ ১২ জন রোল অবজার্ভার। এদিকে স্পেশাল অবজারভার নিয়োগকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন কোথায় কারা কেলেঙ্কারি করেছে ধরা পড়বে। সবে তো ২ মাসের লড়াই শুরু হয়েছে মাত্র।









