
চাঁদ দেখার পরেই পবিত্র রমজান মাসের শেষে দেশজুড়ে ইদের আনন্দে মেতে উঠেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। দেশের সমস্ত ইদগাহে নমাজ পড়ে একে অপরকে কোলাকুলির মাধ্যমে ইদের শুভেচ্ছা বিনিময় করেছেন তাঁরা। দিল্লির জামা মসজিদ, কলকাতা নাখোদা মসজিদ সর্বত্রই নমাজ পড়ার ব্যবস্থা করা হয় এদিন। জম্মু-কাশ্মীর, ভোপাল, মুম্বই, পাটনা, সহ দেশের প্রতিটি শহরে ইদ উদযাপিত হয়েছে ।
ইদ উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় রাজধানী দিল্লি। নাশকতা এড়াতে প্রতিটি গুরুত্বপূর্ণ শহরের ছিল পুলিশের কড়া নজরদারি। সকল দেশবাসীকে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লিখেছেন, এই উৎসব ভ্রাতৃত্ববোধের শক্তিশালী করে এবং করুণা ও দানশীলতা গ্রহণের বার্তা দেয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইদ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, এই উত্সব সমাজে আশা, সম্প্রীতি এবং দয়ার চেতনা বৃদ্ধি করে। সকলের প্রচেষ্টায় আনন্দ এবং সাফল্য আসুক। ইদ মোবারক।






