
আমেরিকার সঙ্গে শুল্ক বিতর্কে এবার সংসদে জবাব দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। তিনি জানিয়েছেন, আমেরিকার সঙ্গে পারস্পরিক ভাবে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং সম্প্রসারণের জন্য সমঝোতার চেষ্টা চালানো হচ্ছে। মন্ত্রীর আরও দাবি, এখনও পর্যন্ত ভারতের ওপর আমেরিকা পাল্টা কোনও শুল্ক আরোপ করেনি। সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে জিতিন বলেছেন, উভয় দেশই বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার পরিকল্পনা করছে।
উভয় দেশই তাদের বাজারে পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি, সরবরাহশৃঙ্খল ঠিক করা এবং শুল্ক-বাধা কমানোর ওপর মনোনিবেশ করবে। এটি একটি চলমান অনুশীলন। দ্বিতীয় বার প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প সম্প্রতি হুশিয়ারি দিয়েছেন, আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর আমেরিকা পাল্টা আমদানি শুল্ক চাপাবে। তারপর থেকেই ভারত এবং আমেরিকার মধ্যে টানাপোড়েন চলছে। বিরোধীদের প্রশ্নের মখেও পড়তে হয় ট্রেজারি বেঞ্চকে। এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র।






