
ভারতে নতুন আইফোন বিক্রিতে আরও কঠোর নিয়ম চালু করেছে অ্যাপলের ডিস্ট্রিবিউটররা। নতুন কেনা আইফোন, বিশেষ করে আইফোন ১৭ সিরিজ, ক্রয়ের ৯০ দিনের মধ্যে যদি বিদেশি সিম কার্ড দিয়ে সক্রিয় করা হয়, তাহলে সেই বিক্রেতা বা দোকানের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপ করা হবে।
এমনকি নীতি ভঙ্গ হলে সংশ্লিষ্ট আউটলেটের স্টোর-কোডও ব্লক করে দেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।ডিস্ট্রিবিউটরদের পাঠানো বার্তায় স্পষ্ট জানানো হয়েছে,কোনো দোকান থেকে বিক্রি হওয়া আইফোন নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি সিমে সক্রিয় পাওয়া গেলে দোকানকে শাস্তির মুখে পড়তে হবে। বিষয়টি নিয়ে খুচরা বিক্রেতাদের মধ্যে ইতিমধ্যেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে। বলা হয়েছে, ভারতের বাজার থেকে আইফোন ১৭ প্রায় উধাও হয়ে যাওয়াই এই নিয়মের মূল কারণ।
বিপুল পরিমাণ ডিভাইস দেশের বাজার ছাড়িয়ে রাশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মতো উচ্চ মুনাফার বাজারে পাচার হয়ে যাচ্ছে।শিল্পখাত–সংশ্লিষ্টদের হিসাবে, ভারতের মোট আইফোন রপ্তানির ৩ থেকে ৫ শতাংশ আসে অননুমোদিত গ্রে মার্কেট চালান থেকে, যার প্রায় অর্ধেকই যাচ্ছে রাশিয়ায়,যেখানে ইউক্রেন যুদ্ধের পর অ্যাপল তাদের কাজকর্ম বন্ধ করে দিয়েছে।









