
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়। এর আগে ইডির মামলায় জামিন পেলেও বৃহস্পতিবার বিশেষ সিবিআই আদালত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করেছেন।
দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক জানিয়েছেন তিনি কেস ডায়েরি দেখেছেন। সিবিআইয়ের তরফে যে তথ্যপ্রমাণ দেওয়া হয়েছিল তা দেখে মনে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ রয়েছে। যেটা প্রমাণ করছে প্রাথমিক নিয়োগে যে দুর্নীতি হয়েছে তার মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়ই। একইসঙ্গে বিচারপতির নির্দেশনামায় বলা হয়েছে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, আর যারা পাননি তাদের তালিকা তৈরি করছে সিবিআই। যেহেতু পার্থ চট্টোপাধ্যায় একজন প্রভাবশালী ব্যক্তি, এই মুহূর্তে জামিন পেলে প্রভাব খাটাতে পারেন।
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২-এ পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এরপর গত বছরের অক্টোবরে তাঁকে গ্রেফতার করে সিবিআইও। সেই মামলাতে কেন্দ্রীয় এজেন্সি যে চার্জশিট দিয়েছে তাতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছত্রে ছত্রে রয়েছে।






