
দাঁত দিয়ে নখ কামড়ানো অনেকেরই ছোটবেলার অভ্যাস, যা অনেক সময় বড় হয়েও থেকে যায়। কিন্তু এটি যে শুধুমাত্র দেখতেই খারাপ লাগে, তা নয়, শরীরের জন্যও ক্ষতিকর।
বারবার নখ কামড়ালে নখের চারপাশে ব্যথা হতে পারে এবং নখ ঠিকভাবে বাড়তে পারে না। এতে নখের আকার বিকৃত হয়ে যায়।পাশাপাশি মুখের জীবাণু হাতের মাধ্যমে ছড়ায় এবং আবার হাত থেকে মুখে ফিরে এসে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এই অবস্থায় নখ কামড়ানো বন্ধ করতে বিশেষজ্ঞরা কিছু সহজ পরামর্শ দেন। যেমন,নখ ছোট করে কেটে রাখা। এতে কামড়ানোর জায়গা কমে যায়, ফলে আগ্রহও কমে। তিক্ত স্বাদের নেইল পলিশ ব্যবহার করতে পারেন। এটি ওষুধের দোকানে পাওয়া যায়। স্বাস্থ্যের জন্য নিরাপদ হলেও এর স্বাদ খুব খারাপ। যা নখ কামড়ানো থেকে বিরত রাখতে পারে। নেইল পলিশ ব্যবহার করতে পারেন। নখ সুন্দর দেখালে সাধারণত কেউ তা নষ্ট করতে চায় না। আবার টাকা খরচ করে নখের পরিচর্যা করালেও কামড়ানোর ইচ্ছা কমে। এই অবস্থায়,গ্লাভস-টেপ ব্যবহার করাও সহায়ক হতে পারে।এর পাশাপাশি নখ কামড়ানোর ইচ্ছা হলে হাতে স্ট্রেস বল বা ছোট খেলনা নিয়ে হাত ব্যস্ত রাখতে পারেন।এতে নখ মুখে যাওয়ার সুযোগ কমে যায়। পাশাপাশি,কেন নখ কামড়ানোর অভ্যাস হচ্ছে, সেটাও বোঝা জরুরি। একঘেয়েমি, দুশ্চিন্তা বা মানসিক চাপ এর কারণ হতে পারে। কারণ চিহ্নিত করতে পারলে তা নিয়ন্ত্রণ করাও সহজ।বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘদিনের অভ্যাস একবারে ছাড়া বেশ কষ্টকর। তাই ধীরে ধীরে এই অভ্যাস ছাড়াই ভালো। প্রথমে কয়েকটি নখ কামড়ানো বন্ধ করে, পরে ধীরে ধীরে পুরো অভ্যাসটি ছাড়ার চেষ্টা করা উচিত।তবে অনেক ক্ষেত্রে এটি অতিরিক্ত মানসিক চাপের লক্ষণও হতে পারে।
বারবার চেষ্টা করেও কেউ যদি অভ্যাস না ছাড়তে পারেন বা বারবার যদি সংক্রমণ দেখা দেয়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।






