
রুশ-ইউক্রেন যুদ্ধ প্রতি সপ্তাহে পাঁচ হাজার জনের প্রাণ কাড়ছে, থামাতে সব রকম চেষ্টা করছেন। রুশ-ইউক্রেন সংঘর্ষ নিয়ে এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দু’ঘণ্টা ফোনে কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের।
এই যুদ্ধ পরিস্থিতি এতদূর গড়ানোর জন্য দায় ঠেলেন জো বাইডেনের প্রশাসনের দিকেও। মস্কো এবং কিভের সংঘাত নিয়ে ট্রাম্প বলেছেন, প্রতি সপ্তাহে গড়ে ৫০০০ তরুণ সৈনিকের মৃত্যু হচ্ছে! আমেরিকা এটা থামানোর চেষ্টা করছে। রুশ-ইউক্রেন যুদ্ধে আমেরিকার মধ্যস্থতা করার চেষ্টা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে রুশ-ইউক্রেন সংঘাত নিয়ে মন্তব্য করেছেন তিনি।
সোমবার পুতিনের সঙ্গে ফোনালাপের পরে ট্রাম্প ঘোষণা করেন, যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া এবং ইউক্রেন অবিলম্বে আলোচনা শুরু করবে। অবিলম্বে আলোচনা শুরুর বিষয়ে কোনও মন্তব্য না-করলেও রুশ প্রেসিডেন্টও পরে জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে সংঘাত থামাতে তিনি আগ্রহী।








