
কেন্দ্রীয় সরকারের থেকে কৃষকদের দাবি আদায়ে লড়াই চালাবে তৃণমূল কংগ্রেস। হরিয়ানায় গিয়ে এমনই বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যদের প্রতিনিধি দল।
পশ্চিমবঙ্গেরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার হরিয়ানার খানাউরি সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে।সেখানে ১৩ ফেব্রুয়ারি থেকে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য-সহ একাধিক দাবিতে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে। এই আন্দোলনে মূলত পাঞ্জাব-হরিয়ানার কৃষকরা যোগ দিলেও উত্তরপ্রদেশের কৃষকদের একাংশেরও সমর্থন রয়েছে। এদিন হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। জানিয়েছেন, কৃষকদের ন্যায্য দাবি আদায়ে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের হরিয়ানা সফর নিয়ে নিশানা করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী হরিয়ানায় দল পাঠাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রীর শপথে পাঠানোর সময় নেই।









