
হরমুজে ইরানের বন্দর অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুতর এই পরিস্থিতিতে পালটা হুমকি এসেছে তেহরানের তরফে।
আমেরিকাকে জলদস্যু বলে তোপ দেগে তেহরান জানিয়েছে, ইরানের বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হলে মধ্যপ্রাচ্যের একটিও বন্দর নিরাপদ থাকবে না। এদিকে,পাকিস্তানে ইরান ও আমেরিকার শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর আর্থিকভাবে তেহরানকে চাপে ফেলার কৌশল নিয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে অবৈধভাবে শুল্ক দেওয়া যেকোনো জাহাজকে আটক করবে মার্কিন সেনা। অবৈধভাবে ইরানকে শুল্ক দেওয়া কেউই সমুদ্রে নিরাপদ নয়। যদি ইরান আমাদের বা জাহাজের উপর হামলা করে তবে ওদের নরকে পাঠানো হবে। পাশাপাশি মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে, ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা অবরোধ করবে তারা। পাশাপাশি কড়া হুঁশিয়ারি দিয়ে আরও জানানো হয়েছে, এই অঞ্চলের বন্দরগুলির নিরাপত্তা হয় সবার জন্য থাকবে, নাহলে কারও জন্য থাকবে না। যদি ইরানের বন্দরকে নিশানা করা হয়, তবে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনও বন্দরই নিরাপদ থাকবে না।এদিকে আমেরিকার এহেন পদক্ষেপের নিন্দায় সরব হয়েছে রাশিয়াও।
মস্কোর তরফে জানানো হয়েছে, আমেরিকা যদি হরমুজ প্রণালী অবরোধ করে তবে বিশ্ববাজারে এর ভয়াবহ প্রভাব পড়বে। পাশাপাশি রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন,মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের একাধিক দিক অস্পষ্ট।









