
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় জাতির উদ্দেশে বক্তৃতায় তা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশের মা বোনের কাছে এ জন্য যেমন ক্ষমা চেয়েছেন,তেমনই এ ব্যাপারে কাঠগড়ায় তুলতে চেয়েছেন কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি ও ডিএমকে-র মতো রাজনৈতিক দলকে। প্রধানমন্ত্রীর কথায় ওঁরা স্বার্থপর। পরিবারতন্ত্রে জর্জরিত এই দলগুলো বিল পাশ না হওয়ার পর হাততালি দিচ্ছিল।প্রধানমন্ত্রীর কথায়, কংগ্রেস তৃণমূল শনিবার সংসদে টেবিল চাপড়ে যে উল্লাস করেছে তা ছিল আসলে মহিলাদের আত্মসম্মানের উপর আঘাত। কিন্তু মহিলারা এই অপমান ভুলবে না। দেশের মহিলারা যখনই তাঁদের এলাকায় এই নেতাদের দেখবেন, মনে পড়বে, এঁরাই সংসদে মহিলা বিল তথা নারী শক্তি বন্দন সংশোধন বিল আটকেছে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, যাঁরা গতকাল সংসদে বিল আটকেছেন তাঁদের উদ্দেশে দু’কথা বলতে চাই। তাঁরা অন্যায় করেছেন। এই পাপের সাজা কড়ায়গণ্ডায় পাবে।









