
নিউটাউনের সাপুরজির সুখবৃষ্টি আবাসনে ২০২১-র ৯ জুন পাঞ্জাবের দুষ্কৃতীদের পুলিশের এনকাউন্টারে শোরগোল পড়েছিল রাজ্যে। তখনই ওই আবাসনের বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর ঠিক ৪ বছর পর ফের সুখবৃষ্টি আবাসন থেকে বিহারে খুনের ঘটনায় জড়িতদের ধরেছে পুলিশ। ২০২১-র ৯ জুন পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার এবং যশপ্রীত খাড়া পালিয়ে এই সুখবৃষ্টি আবাসনে আশ্রয় নিয়েছিল।
তাদেরকেই এনকাউন্টার করে পাঞ্জাব এসটিএফ এবং বেঙ্গল এসটিএফ। ভুল্লার গ্যাংয়ের বিরুদ্ধে ৪০টিরও বেশি মামলা ছিল। বারবার সুখবৃষ্টি আবাসনে দুষ্কৃতীদের সেল্টার হয়ে ওঠায় আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। তাঁর কথায় বিহারের দুষ্কৃতীরা কলকাতায় পিসির বাড়ি আদর খেতে আসছে। খোঁচা দিয়ে বলেছেন লালুপ্রসাদ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাল সম্পর্ক রয়েছে।
মামার বাড়ির আদর শোনা যেত। এখন হয়ত লালুপ্রসাদ বলে দিচ্ছেন কলকাতায় পিসির বাড়ি ঘুরে আসতে। তিনি আরও বলেছেন দিনে দিনে রাজ্যে অপরাধীদের হাব হচ্ছে উঠছে নিউটাউন। যা অবস্থা তাতে কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নিউটাউনে ভাল করে তল্লাশি চালানো উচিত।







