
সময় বেঁধে দেওয়ার পরও নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চার অফিসারকে সাসপেন্ড করেনি নবান্ন। সেই আবহে জাতীয় নির্বাচন কমিশনের তলবে দিল্লি গেলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
বিকালে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে ফুল বেঞ্চের মুখোমুখি হবেন তিনি। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত চার আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে টানাপোড়েন চলে রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে। রাজ্য সরকার সেই নির্দেশ না মানায় জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা বলে সম্প্রতি মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে দু জন নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং দু জন এইআরও। এছাড়া বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটরের নামেও এফআইআর দায়ের করতে বলেছিল কমিশন। প্রথমে ৫ অগাস্ট রাজ্যকে চিঠি পাঠিয়েছিল কমিশন। পরে ৮ অগাস্ট ফের চিঠি পাঠায় তারা।
দ্বিতীয় চিঠিতে রাজ্যকে ৭২ ঘন্টার মধ্যে জবাব দিতে বলেছিল কমিশন। সেইমতো গত সোমবার, ৭২ ঘন্টার মধ্যেই কমিশনকে নিজেদের অবস্থান জানিয়ে দেয় রাজ্য সরকার।









