
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাত পরিস্থিতি নিয়ে এবার সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। বুধবার, সংসদ ভবনে এই বৈঠক হওয়ার কথা। বিকেল পাঁচটায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই আলোচনা, যেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য,ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সেই আবহেই ভারতের অবস্থান নিয়ে বিরোধীদের একাধিক প্রশ্ন ও সমালোচনা সামনে এসেছে। বিশেষ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সংসদীয় বক্তব্য ঘিরেও রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে সব পক্ষকে একসঙ্গে বসিয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে দেশের শীর্ষ সামরিক ও প্রতিরক্ষা আধিকারিকরা উপস্থিত ছিলেন। সংঘাতের সামগ্রিক প্রভাব এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেই বৈঠকে। অন্যদিকে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সংসদে এই বিষয়টি নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি জানিয়েছেন,সরকার লাগাতার চেষ্টা চালাচ্ছে যাতে এই সংঘাতের প্রভাব দেশের উপর যতটা সম্ভব কম পড়ে।
একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যপথে হামলা এবং হরমুজ প্রণালীতে বাধা সৃষ্টি হওয়াকে তিনি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। এই সংঘাতের ফলে জ্বালানি সরবরাহ, সার আমদানি এবং জাতীয় নিরাপত্তা, সব ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বদল বৈঠকে এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের তরফে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সব দলকে অবহিত করা হবে এবং মতামতও চাওয়া হবে।









