
দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর-এর উপস্থিতিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে বেঙ্গালুরুর একটি হাসপাতাল প্রাঙ্গণ। শহরের কেআইএমএস সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতার এক ঝলক পেতে আসা ফ্যানদের সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ ও আয়োজকদের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, প্রিয় অভিনেতাকে দেখতে কয়েক হাজার ফ্যান হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন।ধারণক্ষমতার অতিরিক্ত ভিড় হওয়ায় দ্রুতই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভক্তদের চাপে হাসপাতালের একটি এসকেলেটর ভেঙে পড়ে এবং পদদলিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। ভিডিওতে দেখা গেছে, এসকেলেটরে পড়ে যাওয়া এক ফ্যানকে বাঁচাতে অন্যেরা আপ্রাণ চেষ্টা করছেন, অন্যদিকে অভিনেতার নিরাপত্তা কর্মীরা ভিড় ঠেলে পথ তৈরি করতে রীতিমতো লড়াই চালাচ্ছেন।প্রাথমিকভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।রিপোর্ট অনুযায়ী, বারবার অনুরোধ সত্ত্বেও জনতা ছত্রভঙ্গ না হওয়ায় পুলিশ হস্তক্ষেপ করে। হাসপাতালের মতো একটি সংবেদনশীল স্থানে নিরাপত্তার এমন ঘাটতি নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা।ঘটনাটি, সোশ্যাল মিডিয়া এক্স-এ ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। কেউ একে সবচেয়ে খারাপ ফ্যানডম বলে অভিহিত করেছেন,আবার কেউ প্রশ্ন তুলেছেন,একটি সচল হাসপাতালের ভেতরে কেন এই ধরনের গণ-জমায়েতের অনুমতি দেওয়া হলো।
উল্লেখ্য যে, জুনিয়র এনটিআর-কে শেষ দেখা গেছে তার বলিউড অভিষেক সিনেমা ওয়ার টু-তে, যেখানে তিনি রঘু/বিক্রম চেলাপথীর চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তিনি তার পরবর্তী চলচ্চিত্র ড্রাগন-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।









